মোঃ সুমন মিয়া : চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর ঘটনায় চুনারুঘাট সরকারি হাসপাতাল পরিদর্শন করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা। ৬ অক্টোবর দুপুর ১২ ঘটিকায় উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইদ্রিস আলীর নেতৃত্বে পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মীর সাহেব আলী, সহকারী সেক্রেটারী ফুয়াদ হাসান এবং উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রায়হান উদ্দিন।
এসময় জামায়াত নেতারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তিকৃত রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবা ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধ, খাবার ও অন্যান্য সুযোগ-সুবিধা পাচ্ছেন কি না, সে বিষয়েও তারা জানতে চান।
পরিদর্শনকালে টিএইচও ডাঃ মোজাম্মেল এর সাথেও বৈঠক করেন জামায়াত নেতৃবৃন্দ। এসময় ডাক্তার ও নার্সদের অবহেলায় রোগী মৃত্যুর বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।
পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপজেলা জামায়াতের সেক্রেটারি মীর সাহেব আলী বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যু কোনভাবেই মেনে নেয়া যায় না। আমরা এই ব্যাপারে কর্তৃপক্ষের ভূমিকা কী হয় তা নজরে রাখবো। এসময় তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান। রোগীদের সঙ্গে মানবিক আচরণ করা এবং প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। এছাড়াও রোগী মৃত্যুর ঘটনায় লাইভ করায় চুনারুঘাট থানার ওসি কর্তৃক সাংবাদিকের উপর আক্রমণের নিন্দা জানান জামায়াত নেতৃবৃন্দ।


