চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের হাঁকাজুড়া গ্রামে ১৪৪ ধারা ভঙ্গ করে বসতভিটার জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে দুলাল মিয়া (৪৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ সময় প্রতিবাদ করায় মৃত এম এ জব্বার মিয়ার দুই মেয়ে ফাতেমা আক্তার ও মিনারা আক্তারকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে দুলাল মিয়া ও তাঁর ছেলে রাকিব মিয়ার (২১) বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত এম এ জব্বার মিয়ার বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছিল। আদালতের রায়ে জব্বার মিয়ার পরিবার জমির অধিকার পায়। বাবার মৃত্যুর পর তাঁর দুই মেয়ে মামলাগুলো পরিচালনা করে আসছেন। অভিযোগ রয়েছে, এ নিয়ে জব্বার মিয়ার ভাতিজা দুলাল মিয়া প্রায়ই তাঁদের নানাভাবে হয়রানি করে আসছেন।
শুক্রবার বিকেলে দুলাল মিয়া জমি দখলের চেষ্টা করলে দুই বোন বাধা দেন। এ সময় দুলাল মিয়া ও তাঁর ছেলে রাকিব মিয়া দেশীয় অস্ত্র দিয়ে তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এতে তাঁদের হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।
পরে ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে। প্রথমে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার পর তাঁরা হবিগঞ্জে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
আরও জানা যায়, আদালতের রায়ের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে জব্বার মিয়ার পরিবারকে জমি বুঝিয়ে দেয় এবং প্রতিপক্ষকে ওই জমি ভোগদখল না করার নির্দেশ দেয় বলে দাবি করা হয়েছে। তবে এরপরও দুলাল মিয়া কয়েক দিন পরপর জমি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।
ফাতেমা আক্তার বলেন, আমাদের বাবা মারা যাওয়ার পর পরিবারে আমরা বোনেরা আছি। আমরা নারী হওয়ায় দুলাল মিয়া আমাদের ওপর এ ধরনের নির্যাতন চালাচ্ছেন। তাঁরা আইনের প্রতি শ্রদ্ধাশীল নন। আমরা এ ঘটনার বিচার চাই।”
তিনি আরও জানান, এ হামলার ঘটনায় আদালতে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।


