মো: সাজিদুল ইসলাম, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাটে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ কে সামনে রেখে উপজেলার ৭৪টি সার্বজনীন পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেছে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী সায়হাম গ্রুপ।
আজ ১২ অক্টোবর (সোমবার ) দুপুরে চুনারুঘাট উপজেলা প্রশাসনের হলরুমে বর্ণাঢ্য আয়োজনে প্রতিটি মন্ডপে ১০,০০০ টাকা করে মোট ৭ লক্ষ ৪০ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি বাবু প্রণয় পাল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চুনারুঘাট উপজেলা শাখার আহ্বায়ক দেবাশীষ দাস শিবু।
প্রধান অতিথির বক্তব্যে চুনারুঘাট-মাধবপুর আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেন, দুর্গাপূজা বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসবকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিরা সজাগ রয়েছে। সায়হাম গ্রুপ প্রতিবছরই পূজায় অনুদান দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আসছে। আমরা চাই, হিন্দু-মুসলিম মিলেমিশে এই চুনারুঘাটকে একটি শান্তির জনপদ হিসেবে গড়ে তুলব।
বিশেষ অতিথির বক্তব্যে সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন, সায়হাম গ্রুপ ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে সবসময় মানুষের পাশে থাকে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এই ক্ষুদ্র উপহার আমাদের পক্ষ থেকে সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করবে বলে আশা করি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ বলেন, আমাদের পরিবার চুনারুঘাটের মাটি ও মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সকল ধর্মের মানুষের আনন্দই আমাদের আনন্দ। পূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে আমাদের সহযোগিতা সবসময় থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গালিব চৌধুরী বলেন, আসন্ন দুর্গাপূজায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা, আনসার ও পুলিশ মোতায়েন থাকবে। কোনো ধরনের গুজবে কান না দিতে সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পূজা চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ তৎপর থাকবে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র মোঃ নাজিম উদ্দীন শামসু, বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী, যুবদলের যুগ্ন-আহবায় আমিনুল ইসলাম সুজন,পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক কার্তিক কুমার দাস, সদস্য সচিব পংকজ দাশ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব বিটন কান্তি বৈদ্য, বিশিষ্ট সনাতন ধর্মাবলম্বী বাবু সত্যেন্দ্র চন্দ্র দেব ও বাবু ধীরেন্দ্র দেবনাথ।
বক্তারা সায়হাম গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই অনুদান প্রতিটি মন্ডপের পূজা উদযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে অতিথিবৃন্দ ৭৪টি পূজা মন্ডপের সভাপতি-সম্পাদকদের হাতে নগদ ১০ হাজার টাকা করে অনুদান তুলে দেন।
অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মো: সাজিদুল ইসলাম
চুনারুঘাট (হবিগঞ্জ)প্রতিনিধি
০১৭২২৪৯০২০৭


