চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি।।হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১১৯টি পূজামণ্ডপে ৭১ টন ৪০০ কেজি চালের সরকারি বরাদ্দ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে পূজা উদ্যাপন পরিষদ ও পূজা উদ্যাপন ফ্রন্টের নেতৃবৃন্দের কাছে বরাদ্দের বিষয়টি তুলে ধরেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল।
প্রতিটি পূজামণ্ডপের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর আগে প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্দ ছিল। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বরাদ্দ ১০০ কেজি বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে বলে জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল। এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়, মাধবপুর পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক লিটন, পূজা উদ্যাপন ফ্রন্টের আহ্বায়ক হীরেশ ভট্টাচার্য, স্বপন রায়সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেন, বাংলাদেশ আবহমানকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির মধ্য দিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। বিএনপি সরকার সব ধর্মের মানুষের ধর্মীয় মূল্যবোধ ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল।
তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা যাতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। মাধবপুর ও চুনারুঘাটসহ সারা দেশে শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে প্রশাসন কাজ করছে।
এমপি ফয়সল আরও বলেন, ‘ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার।’ পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় বিএনপি নেতাদের সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে তিনি সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।


