চুনারুঘাট মডেল মসজিদের ইমাম হাবিবুর রহমান তালুকদারকে নিয়ে অপপ্রচার

চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাট উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান তালুকদারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও সংবাদ প্রকাশ করা হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চুনারুঘাটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মাওলানা হাবিবুর রহমান তালুকদার বর্তমানে চুনারুঘাট উপজেলা মডেল মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি চুনারুঘাটের চাটপাড়া ফাজিল মাদ্রাসায় মৌলভী পদে কর্মরত রয়েছেন। তিনি এনটিআরসিএর মাধ্যমে যথাযথ প্রক্রিয়ায় মডেল মসজিদে ইমামতির তথ্য প্রদান করেই ওই মাদ্রাসায় নিয়োগ পেয়েছেন।

জানা গেছে, মাওলানা হাবিবুর রহমানের দ্বৈত চাকরি নিয়ে এক জনৈক ব্যক্তি আপত্তি তোলেন। ওই ব্যক্তি নিজেও ইমাম পদে প্রার্থী ছিলেন। পরীক্ষায় মেধার যোগ্যতায় তিনি অকৃতকার্য হন। ফলে মডেল মসজিদের ইমাম হিসেবে তার নিয়োগ হয়নি, মেধা তালিকায় প্রথম হওয়া মাওলানা হাবিবুর রহমানকে নিয়োগ দেয় তৎকালীন চুনারুঘাট উপজেলা প্রশাসন।

পরে অসৎ উদ্দেশ্য নিয়ে ইমাম নিয়োগে অকৃতকার্য হওয়া চতুর ব্যক্তি মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে দ্বৈত চাকুরি নিয়ে অভিযোগ তুললে তৎকালীন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিন মিয়া বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত দেন, মসজিদ লাভজনক প্রতিষ্ঠান নয় এবং মাদ্রাসার চাকরির পাশাপাশি হাবিবুর রহমান ইমামতির দায়িত্ব পালন করতে পারবেন। কোন সমস্যা নেই।

এ বিষয়ে মাওলানা হাবিবুর রহমান বলেন, মাদ্রাসায় চাকরির বিষয়টি আমি আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফিকেশন প্রক্রিয়ায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরকে অবহিত করেছি। বিষয়টি আগেই নিষ্পত্তি হয়েছে। মাদ্রাসার দুপুরের খাবারের বিরতির সময় আমি এসে জোহরের নামাজ পড়িয়ে যাই। বাকি ফজর, আছর, মাগরিব, এশা আমি মডেল মসজিদেই অবস্থান করি। এতে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। হওয়ার কথাও না। আমার দায়িত্বে কোন ত্রুটি নেই।

দায়িত্ব পালনের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গোপন রাখা হয়নি। তাই পুরোনো ও নিষ্পত্তি হওয়া বিষয়কে নতুন করে সামনে এনে বিভ্রান্তি ছড়ানো অনভিপ্রেত বলে মন্তব্য করছেন চুনারুঘাটের বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা।

এদিকে, সারাদেশের বিভিন্ন মডেল মসজিদে ইমামতির পাশাপাশি অন্য প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের নজির রয়েছে। অনেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ণ রাজস্ব খাতের চাকুরি করেও মডেল মসজিদের ইমামতির দায়িত্ব পালন করছেন।

মাওলানা হাবিবুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে চুনারুঘাটবাসী দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন।