নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার ৬৪টি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টা ৩০ মিনিটে হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান, বিজিওএম, হবিগঞ্জ সদর উপজেলার ৫ নম্বর গোপায়া ইউনিয়নের একটি পূজামণ্ডপ আকস্মিক পরিদর্শন করেন। এ সময় তিনি মণ্ডপের নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন এবং পূজা উদযাপন কমিটির সভাপতির খোঁজখবর নেন। পরে বিজিবির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করেন।
বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ১০৩ কিলোমিটার সীমান্ত এলাকায় টহল জোরদার, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গত ১৬ অক্টোবর থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত বিজিবি সদস্যরা সীমান্ত সুরক্ষার পাশাপাশি পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন।
এদিকে, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ অক্টোবর পর্যন্ত ২৫ জন আসামিসহ ৬২ কোটি ৫৪ লাখ ৩ হাজার ১০৭ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও অবৈধ মালামাল জব্দ করেছে ৫৫ বিজিবি বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


