চুনারুঘাট উপজেলা

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরার পথে ট্রেন থেকে পড়ে গুরুতর আহত সাজু, আইসিইউতে ভর্তি

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরার পথে ট্রেন থেকে পড়ে গুরুতর আহত সাজু, আইসিইউতে ভর্তি

নিউজ ডেস্ক: ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন চুনারুঘাটের ঝুড়িয়া গ্রামের মো. সাজু মিয়া। বর্তমানে তিনি ঢাকার পপুলার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন স্বজনরা সকলের কাছে দোয়া চেয়েছেন।

সাজুর নিকটাত্মীয়দের বরাতে জানা যায়, শনিবার (১৪ নভেম্বর) সকালে প্রাণ ঝালমুড়ি গ্রুপে এসআর পদে চাকরির পরীক্ষা দিতে ঢাকায় যান তিনি। পরীক্ষা শেষে এক বন্ধু ও ভাতিজা মনিরের বাসায় খাওয়া-দাওয়া করে বিশ্রাম নেন। পরে রাতে বাড়ি ফেরার উদ্দেশ্যে উপবন এক্সপ্রেস ট্রেনে ওঠেন বলে ধারণা করা হচ্ছে।

স্বজনদের দাবি, বন্ধু ও ভাতিজা মনির তাঁকে ট্রেনে বাড়ি ফিরতে নিষেধ করেছিলেন। কিন্তু তাঁদের নিষেধ উপেক্ষা করে তিনি ট্রেনে ওঠেন। এমনকি ট্রেনের ছাদে উঠেছিলেন বলেও স্বজনদের কাছ থেকে জানা গেছে। ধারণা করা হচ্ছে, রাত ১২টা থেকে ১টার মধ্যে কোনো একসময় দুর্ঘটনাটি ঘটে।

পরদিন, রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার একটি গ্রামের সড়কে তাঁকে পড়ে থাকতে দেখেন এক অজ্ঞাতপরিচয় নারী। তিনি তাঁকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসার ব্যবস্থা করেন।

সকালে সাজুর কর্মস্থল থেকে ফোন করা হলে তাঁর হাসপাতালে থাকার বিষয়টি জানা যায়। পরে স্বজনরা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে গিয়ে তাঁকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। চিকিৎসকের পরামর্শে সিটিস্ক্যান করানো হলে রিপোর্টে গুরুতর সমস্যা ধরা পড়ে। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়। বর্তমানে তিনি পপুলার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

তবে ট্রেনে ঠিক কী ঘটেছিল এবং কীভাবে তিনি ব্রাহ্মণবাড়িয়ার ওই স্থানে গিয়ে পড়েছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তার এই মর্মান্তিক দূর্ঘটনায় এলাকাবাসী ও পরিচিতদের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়েছে অনেকেই বলছেন এই দারিদ্র্যতাই ছেলেটির জন্য কাল হয়ে দাঁড়ালো এখন এই বাঁচা মরার লড়াইয়ে কি হবে জানিনা।

সাজু মিয়ার দ্রুত সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও এলাকাবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।