চুনারুঘাট উপজেলা

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

চুনারুঘাট  প্রতিনিধি: হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে কাজ করছেন। দেশের মানুষ যাতে সব ধরনের নাগরিক সুবিধা পান, সে পরিকল্পনা নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে কৃষিকার্ড, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন জনবান্ধব কর্মসূচি নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে চুনারুঘাট উপজেলার আমতলী আদর্শ বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), অঙ্গ ও সহযোগী সংগঠনের ৩ নম্বর দেওরগাছ ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি ফয়সল বলেন, গত ১৬ বছর গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা জীবন উৎসর্গ করেছেন। তারা হামলা-মামলা, জেল-জুলুমসহ নানা নির্যাতন সহ্য করে দলকে ধরে রেখেছেন। বিএনপি এখন ক্ষমতায় থাকায় দলের নেতাকর্মীদের অবদানকে সবার আগে মূল্যায়ন করা হবে।
তিনি আরও বলেন, দেশের মানুষের কল্যাণে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। জনগণের জীবনমান উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান,সাবেক মেয়র নাজিম উদ্দীন সামসু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদার, বিএনপি নেতা আতিকুল হক কবির,উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, সদস্য সচিব কাউন্সিলর লুৎফুর রহমান জালাল,প্রথম যুগ্ন আহবায়ক সৈয়দ আবু নাঈম হালিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান আরিফ,যুগ্ম আহ্বায়ক শাহ নেওয়াজসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।