Screenshot
চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসা পরিচালনার জন্য সভাপতি মনোনয়নসহ পাঁচ সদস্যের এডহক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৫-এর সংশ্লিষ্ট প্রবিধান অনুসারে পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য এ এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে কমিটির সদস্য হিসেবে মো. সাজিদুল ইসলামকে সভাপতি, মো. বাবুল মিয়াকে অভিভাবক সদস্য, মো. আব্দুস সালামকে সাধারণ শিক্ষক সদস্য এবং মাদ্রাসার অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষকে সদস্য সচিব করা হয়েছে।
বোর্ডের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাদ্রাসার স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ডের জন্য সংশ্লিষ্ট প্রবিধান অনুযায়ী এ কমিটি যেকোনো সময় বাতিল করা যেতে পারে। পাশাপাশি বর্তমান এডহক কমিটির মেয়াদকালের মধ্যেই বিধি মোতাবেক অগ্রাধিকার ভিত্তিতে নিয়মিত কমিটি গঠন করতে হবে।
এ ছাড়া আগামী পরীক্ষার ফলাফল গুণগত ও সংখ্যাগত—উভয় দিক থেকেই সন্তোষজনক পর্যায়ে উন্নীত করা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।


