ইউপি নির্বাচনে গাজীপুর ইউনিয়নে আলোচনায় তিন প্রার্থী

সিনিয়র করেসপন্ডেন্টঃ আসন্ন ইউপি নির্বাচনে চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নে আলোচনায় আছেন বর্তমান চেয়ারম্যান ও বিএনপি নেতা মোহাম্মদ আলী, জামায়াত নেতা খলিলুর রহমান ও ছাত্রদল নেতা কাজী রিমন।

মোহাম্মদ আলী একজন ব্যবসায়ী ও বিএনপি নেতা। গত ইউপি নির্বাচনে তিনি আওয়ামী লীগের চেয়ারম্যান হুমায়ূন কবীর খানকে পরাজিত করেন। বর্তমান চেয়ারম্যান হিসেবে মাঠে শক্তিশালী অবস্থান রয়েছে তার।

অন্যদিকে, গত নির্বাচনে ভোটের মাঠে শক্তিশালী লড়াইয়ে থাকা, জামায়াত নেতা খলিলুর রহমানকে ঘিরেও ব্যাপক আলোচনা চলছে। গত নির্বাচনের ভোট ব্যাংক আরও বৃদ্ধি পেয়েছে বলে তথ্য দিচ্ছে মাঠ জরিপ। খলিলুর রহমান সজ্জন ও সদালাপী হিসেবে সকলের কাছে সমাদৃত৷ এবারের ইউপি নির্বাচনের ভোটের মাঠে চমক দেখাবেন তিনি— এমনটাই বলছেন তার সমর্থকেরা।

অন্যদিকে, আলোচনায় থাকা নবীন প্রার্থী কাজী রিমন সাবেক ছাত্রনেতা ও বিএনপির সংরক্ষিত এমপি শাম্মী আক্তারের ঘনিষ্ঠ। ভোটের মাঠে নতুন৷ তরুণ ও যুবকদের মধ্যে নানা দিক থেকে অবস্থান রয়েছে তার৷

সহসাই ইউপি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন৷ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নের ভোটাররা বলছেন, সৎ-দক্ষ ও যোগ্যকেই জনপ্রতিনিধি বানাবেন তারা।