মোঃ তোফাজ্জল মিয়া:চুনারুঘাটে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে শায়েস্তাগঞ্জে বিক্রির উদ্দেশ্যে পরিবহনের সময় আবজল (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে উপজেলার বদরগাজী এলাকা থেকে সিলিকা বালু উত্তোলন করে শায়েস্তাগঞ্জে নেওয়ার পথে তাঁকে আটক করে পুলিশ। আবজল পাইকপাড়া এলাকার আব্দুলাপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে।
চুনারুঘাট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) তারেক আজিজের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁকে আটক করে। পরে তদন্তে বদরগাজী এলাকা থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে বিক্রির উদ্দেশ্যে পরিবহনের বিষয়টি উঠে আসে।
এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।


