চুনারুঘাট উপজেলা

চুনারুঘাট সীমান্তে থামছে না মাদকের প্রবেশ, নিয়ন্ত্রণে হিমশিম আইনশৃঙ্খলা বাহিনী

চুনারুঘাট সীমান্তে থামছে না মাদকের প্রবেশ, নিয়ন্ত্রণে হিমশিম আইনশৃঙ্খলা বাহিনী

স্টাফ রিপোর্টারঃ চুনারুঘাট সীমান্ত দিয়ে মাদকের চোরাচালান কোনোভাবেই থামছে না। আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল ও অভিযান সত্ত্বেও সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অব্যাহতভাবে দেশে ঢুকছে নানা ধরনের মাদক। সীমান্তপথে মাদক প্রবেশ ঠেকাতে বিজিবিসহ সংশ্লিষ্ট বাহিনীগুলো তৎপর থাকলেও বাস্তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়দের অভিযোগ, চুনারুঘাট সীমান্তের দুর্গম ও প্রত্যন্ত এলাকা ব্যবহার করে দীর্ঘদিন ধরেই মাদক পাচার হয়ে আসছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে সীমান্তের বিভিন্ন পথ দিয়ে মাদক দেশে ঢোকার পর তা পৌঁছে যাচ্ছে চুনারুঘাটসহ আশপাশের বিভিন্ন এলাকায়। পরে চোরাকারবারিদের মাধ্যমে এসব মাদক ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন স্থানে।

সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হলেও চোরাকারবারিরা কৌশল পরিবর্তন করে মাদক পাচার চালিয়ে যাচ্ছে বলে সংশ্লিষ্টদের দাবি। ফলে একদিকে যেমন মাদক উদ্ধারের ঘটনা ঘটছে, অন্যদিকে নতুন করে মাদক প্রবেশও অব্যাহত রয়েছে।

স্থানীয়দের আরও অভিযোগ, শুধু চোরাকারবারিরাই নয়, মাদক ব্যবসার সঙ্গে প্রভাবশালী ব্যক্তিদের একটি অংশেরও সম্পৃক্ততা রয়েছে। এমনকি রাজনৈতিক নেতাদের কেউ কেউ মাদক চোরাচালানের পেছনে থেকে সহযোগিতা করছেন। এ কারণে মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী নানা ধরনের চাপের মুখে পড়ে বলে অভিযোগ স্থানীয়দের।

সংশ্লিষ্টরা বলছেন, সীমান্ত দিয়ে মাদক প্রবেশ বন্ধ করতে হলে শুধু মাদক উদ্ধার বা বিচ্ছিন্ন অভিযান যথেষ্ট নয়। চোরাচালানের সঙ্গে জড়িত পুরো নেটওয়ার্ক শনাক্ত করে এর পৃষ্ঠপোষক ও অর্থের উৎসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সীমান্তের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে।

স্থানীয়দের আশঙ্কা, সীমান্ত দিয়ে মাদকের প্রবেশ ঠেকানো না গেলে এর প্রভাব পড়বে তরুণ সমাজের ওপর। তাই চুনারুঘাট সীমান্তে মাদক চোরাচালান বন্ধে সমন্বিত ও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।