চুনারুঘাটে প্রথমবার কাব স্কাউটের ষষ্ঠক ও উপদলনেতা কোর্স অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্টঃ চুনারুঘাট উপজেলায় প্রথমবারের মতো কাব স্কাউটের ষষ্ঠক নেতা ও উপদলনেতা কোর্স অনুষ্ঠিত হয়েছে।

চার দিনব্যাপী এ কোর্সটি ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

কোর্সে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্কাউট নেতারা অংশগ্রহণ করেন।

কাব স্কাউটদের নেতৃত্বগুণ, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দলগতভাবে কাজ করার দক্ষতা বৃদ্ধির পাশাপাশি স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে ষষ্ঠক নেতা ও উপদলনেতাদের দায়িত্ব, নেতৃত্বের কৌশল, দল পরিচালনা, শৃঙ্খলা, স্কাউটিংয়ের বিভিন্ন কার্যক্রম ও ব্যবহারিক বিষয় সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।

চার দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বিভিন্ন সেশন ও ব্যবহারিক কার্যক্রমে অংশ নেন।

আয়োজকরা জানান, চুনারুঘাটে প্রথমবারের মতো এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের ফলে প্রাথমিক পর্যায়ে স্কাউটিং কার্যক্রম আরও সম্প্রসারিত ও কার্যকর হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধ বিকাশে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।