সিনিয়র করেসপন্ডেন্টঃ চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধাঘণ্টার ব্যবধানে দুই রোগীর মৃত্যুর ঘটনায় ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে।
গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো চুনারুঘাট উপজেলায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
মৃত দুই রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতালের নার্সদের ভুল চিকিৎসা ও দায়িত্বে অবহেলার কারণে তাদের স্বজনদের মৃত্যু হয়েছে। ঘটনার পর ক্ষুব্ধ স্বজনরা হাসপাতাল চত্বরে বিক্ষোভ করেন।
স্বজনদের অভিযোগ, রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় দুই রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এর কিছুক্ষণের মধ্যেই আধাঘণ্টার ব্যবধানে তাদের দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ও দায়িত্বে থাকা নার্সদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বজনরা।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করে।
চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (টিএইচও) মোজাম্মেল হোসেন বলেন, ‘দুই রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
তবে দুই রোগীর মৃত্যুর প্রকৃত কারণ এবং চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বা ভুল হয়েছিল কি না, তা তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই স্পষ্ট হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।


