জারুলিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

আব্দুর রাজ্জাক রাজু: ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। শিক্ষা সম্প্রসারণ ও সুনাগরিক গঠনে শিক্ষকদের অনবদ্য অবদানকে সম্মান জানাতে আজ সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মাওলানা খলিলুর রহমান।
আলোচনা সভায় তিনি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষকরা হলেন জাতির কারিগর। নৈতিকতা, দ্বীনি শিক্ষা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। সমাজের সর্বস্তরে শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিশেষ বক্তা মাদ্রাসার সিনিয়র শিক্ষক সালমা আক্তার ,নারী শিক্ষার গুরুত্ব ও শিক্ষার্থীদের সাথে সুসম্পর্ক বজায় রেখে পাঠদানের বিভিন্ন কৌশল তুলে ধরেন। বিজ্ঞান শিক্ষক সাইদুর রহমান (বিএসসি) তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান প্রগতির যুগে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষায় শিক্ষার্থীদের দক্ষ করে তোলা সময়ের দাবি।”
ইংরেজি শিক্ষক হারুনুর রশিদ শিক্ষার মানোন্নয়ন এবং বিশ্বায়নের যুগে ইংরেজি ভাষার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও ধারাবাহিক প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে মাদ্রাসার অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের পক্ষ থেকে সক শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও শিক্ষকদের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।