চুনারুঘাটের ছেলে আল আমিন এখন যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে

মো: সাজিদুল ইসলাম: চুনারুঘাট উপজেলার বড়াব্দা গ্রামের অনু মিয়ার বড় সন্তান আল আমিন এখন যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে (RAF)। তাঁর এই সাফল্যে চুনারুঘাট জুড়ে আনন্দের বন্যা বইছে। আল আমিনের বাড়িতে চলছে মিষ্টি বিতরণ।

বড়াব্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকেই শুরু হয়েছিল আল আমিনের শিক্ষাজীবন। স্থানীয় নালমুখের সাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে ২০১৩ সালে মাধ্যমিক এবং ২০১৫ সালে হবিগঞ্জের ঐতিহ্যবাহী বৃন্দাবন সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন তিনি। পরবর্তীতে একই কলেজ থেকে ২০১৯ সালে বাংলা বিভাগে স্নাতক সম্পন্ন করেন।

এরপর সিলেটের এমসি কলেজের বাংলা বিভাগে স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তি হলেও উচ্চশিক্ষার স্বপ্ন তাঁকে টেনে নিয়ে যায় সুদূর যুক্তরাজ্যে।

যুক্তরাজ্যের লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটিতে ‘ইন্টার্নশিপসহ আন্তর্জাতিক ব্যবসা ব্যবস্থাপনা’ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিতে পড়ার পাশাপাশি আল আমিন নিজের ভাগ্য পরিবর্তনের লড়াই চালিয়ে যান। ব্যবসা ব্যবস্থাপনায় উচ্চশিক্ষার পাশাপাশি তাঁর জীবনে যুক্ত হয় এক বিশাল লক্ষ্য—যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে (আরএএফ) যোগদান।

অবশেষে তাঁর সেই অদম্য চেষ্টা সার্থক হয়েছে। গত ৮ অক্টোবর যুক্তরাজ্যের ‘আরএএফ হালটন এভিয়েটর ট্রেনিং একাডেমি’র পাসিং আউট প্যারেডে প্রাথমিক সামরিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেন আল আমিন। বর্তমানে তিনি রয়্যাল এয়ার ফোর্সে ‘এয়ার রিক্রুট (এআর)’ পদে কর্মরত আছেন। রয়্যাল এয়ার ফোর্সের মতো একটি প্রতিযোগিতামূলক ও কঠোর বাছাই প্রক্রিয়া পেরিয়ে এই অবস্থানে পৌঁছানো চুনারুঘাটের এই তরুণের জন্য অত্যন্ত গৌরবের।

আল আমিনের প্রতিবেশী ব্যাংকার জালাল আহমেদ বলেন, চুনারুঘাটের একটি সাধারণ পরিবার থেকে বেড়ে উঠে সুদূর বিদেশের মাটিতে নিজেকে খাপ খাইয়ে নেওয়া এবং এত বড় একটি চ্যালেঞ্জ জয় করা—আল আমিনের এই যাত্রা আমাদের তরুণ প্রজন্মের জন্য এক অনন্য অনুপ্রেরণা। চুনারুঘাট থেকে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্স পর্যন্ত তাঁর এই পথচলা জীবনের এক উল্লেখযোগ্য মাইলফলক।

আল আমিনের বাবা অনু মিয়া বলেন, আল আমিন ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী ও কঠোর পরিশ্রমী ছেলে। সে পড়াশোনার পাশাপাশি আমার সাথে কাজেও সহযোগিতা করত।

মুঠোফোনে যোগাযোগ করা হলে আল আমিন বলেন, “আমার বড়াব্দা গ্রামের সকলের দোয়ার ফলেই আমি এই পর্যন্ত আসতে পেরেছি। সুযোগ পেলে অবশ্যই দেশ ও গ্রামের মানুষের জন্য ভালো কিছু করতে চাই।

মো: সাজিদুল ইসলাম
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
০১৭২২৪৯০২০৭