মোঃ তোফাজ্জল মিয়া : সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের আওতায় দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরুর লক্ষ্যে চুনারুঘাটে প্রেস কনফারেন্স করেছে উপজেলা প্রশাসন। কারা পাবেন ফ্যামিলি কার্ড, আর্থিক সহায়তা পাওয়ার যোগ্যতা এবং এ কার্যক্রমে রাজনৈতিক প্রভাবের সুযোগ রয়েছে কি না এসব বিষয়ে সভায় বিস্তারিত জানানো হয়।
১৩ অক্টোবর মঙ্গলবার চুনারুঘাট উপজেলা সভাকক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক, তথ্য সংগ্রহকারী, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রেস কনফারেন্সে জানানো হয়, চুনারুঘাট উপজেলায় শুরুতে ০২ নং আহমদাবাদ, ০৪ নং পাইকপাড়া ও ১০ নং মিরাশী ইউনিয়নকে অগ্রাধিকার দিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে ধাপে ধাপে উপজেলার অন্যান্য ইউনিয়নেও এ কার্যক্রম পরিচালনা করা হবে।
সভায় আরও জানানো হয়, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমে রাজনৈতিক সংশ্লিষ্টতা বা প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই। তথ্য সংগ্রহকারীরা অনলাইন অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্যের ভিত্তিতে যাচাই-বাছাই শেষে কার্ডের জন্য উপযুক্ত পরিবার নির্বাচন করবে সমাজকল্যাণ মন্ত্রণালয়। তথ্য সংগ্রহের নির্ধারিত সময় শেষে কারা ফ্যামিলি কার্ড পাবেন, তা জানানো হবে।
এ সময় জানানো হয়, ফ্যামিলি কার্ডের আওতায় আসার বিষয়টি এবং আর্থিক সহায়তা পাওয়ার বিষয়টি এক নয়। কার্ড পেলেই সবাই আর্থিক সহায়তা পাবেন না। আর্থিকভাবে অসচ্ছল ও দরিদ্র পরিবারগুলোকে নির্ধারিত যোগ্যতা ও যাচাই-বাছাইয়ের ভিত্তিতে আর্থিক সহায়তা দেওয়া হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য পরিবার নির্বাচন করা হবে। ফলে কারা কার্ড পাবেন, তা নির্ধারিত হবে সংগৃহীত তথ্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতে।


