চুনারুঘাট উপজেলা

চুনারুঘাটে বিদ্যুৎ ব্যবস্থাপনার সভা: সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার মার্কেটে অপ্রয়োজনীয় লাইটিং বন্ধের আহ্বান

চুনারুঘাটে বিদ্যুৎ ব্যবস্থাপনার সভা: সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার মার্কেটে অপ্রয়োজনীয় লাইটিং বন্ধের আহ্বান

মোঃ তোফাজ্জল মিয়া:বিদ্যুতের অপচয় রোধ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহারের পরামর্শ দিয়েছেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির চুনারুঘাট জোনাল অফিসের ডিজিএম (কারিগরি)। একই সঙ্গে মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠানে অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহারের আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) চুনারুঘাট উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সমন্বয় কমিটির সভায় এসব বিষয়ে আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী। এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির চুনারুঘাট জোনাল অফিসের ডিজিএম (কারিগরি) ও এজিএম (সদস্যসেবা, অতিরিক্ত দায়িত্ব), কমিটির সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি এবং দেশের বিদ্যমান ও সম্ভাব্য বিদ্যুৎ চাহিদা নিয়ে আলোচনা করা হয়। এ সময় জানানো হয়, আগামী গ্রীষ্মের আগেই অগ্রাধিকার ভিত্তিতে ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা (রুফটপ সোলার) স্থাপনের কর্মসূচি গ্রহণ করেছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তর, প্রতিষ্ঠান ও ব্যক্তিপর্যায়ে করণীয় নিয়েও আলোচনা হয়।

সভায় ডিজিএম বিদ্যুৎ সাশ্রয়ে এলইডি বাল্ব, ইনভার্টার প্রযুক্তির এসিসহ আধুনিক ও বিদ্যুৎ সাশ্রয়ী বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারের পরামর্শ দেন। পাশাপাশি মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠানে প্রয়োজনের অতিরিক্ত লাইটিং এবং জাঁকজমকপূর্ণ বৈদ্যুতিক সাজসজ্জা এড়িয়ে চলার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সংশ্লিষ্ট সবাইকে বিদ্যুতের অপচয় রোধ, সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা এবং ভবিষ্যতের বাড়তি চাহিদা মোকাবিলায় সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।