সিনিয়র করেসপন্ডেন্টঃ চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘বৈচিত্র্যের উৎসব’কে সামনে রেখে প্রচার ও আমন্ত্রণ কার্যক্রম চলছে।
উৎসবকে ঘিরে ইতোমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় আনন্দ দেখা দিয়েছে।
এর অংশ হিসেবে চুনারুঘাট বাজারের বিভিন্ন স্থানে এবং শিক্ষা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ করছেন আয়োজক সংগঠনের কর্মীরা।
তারা সাধারণ মানুষ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে উৎসবের বিষয়বস্তু তুলে ধরে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছেন।
সংগঠনের কর্মী শাহ নেওয়াজ জানান, সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার চর্চাকে আরও বিস্তৃত করার লক্ষ্যেই এ উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবকে সফল করতে ধারাবাহিকভাবে প্রচার-প্রচারণা ও আমন্ত্রণ কার্যক্রম চালানো হচ্ছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, চুনারুঘাটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে উঠবে।
উল্লেখ্য, আগামী ১ ও ২ অক্টোবর চুনারুঘাট উপজেলা পরিষদ মাঠে চুনারুঘাট সাহিত্য সংস্কৃতির আয়োজনে বৈচিত্র্যের উৎসবে সরকারের শীর্ষ মন্ত্রীরা অংশ নেবেন।


