চুনারুঘাটে হাসপাতালে রোগীর মৃত্যু জনমনে তীব্র ক্ষোভ তদন্ত কমিটি গঠন

মোঃতোফাজ্জল মিয়া : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন তানজিলা আক্তার (২০) নামে এক নারীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মোজাম্মেল হোসেন এ তদন্ত কমিটি গঠন করেন।

জানা যায়, গত রোববার সন্ধ্যায় বুকে ব্যথা নিয়ে তানজিলা আক্তার চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. তরিকুল আলম তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

পরে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার জন্য স্বজনরা তানজিলাকে হাসপাতালের দ্বিতীয় তলায় নার্সদের কাছে নিয়ে যান। সেখানে তাকে অক্সিজেন দেওয়া হয়। কিছুক্ষণ পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মারা যান।

তানজিলার স্বজনদের অভিযোগ, দ্বিতীয় তলায় নেওয়ার পর সময়মতো প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়নি। এতে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।

তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রোগীকে প্রয়োজনীয় অক্সিজেনসহ চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। অক্সিজেন দেওয়ার পরও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। একপর্যায়ে তিনি মারা যান। এ ঘটনায় চিকিৎসাসেবায় কোনো ত্রুটি ছিল না বলেও দাবি করেছে কর্তৃপক্ষ।

চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেন বলেন, স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। পরে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

তিনি বলেন, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার আগ পর্যন্ত স্বজনরা রোগীকে হাসপাতালের দ্বিতীয় তলায় নার্সদের কাছে নিয়ে যান। সেখানে তাকে অক্সিজেন দেওয়া হয়। অক্সিজেন দেওয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

এদিকে হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে কারও দায়িত্বে অবহেলা বা চিকিৎসাসেবায় ত্রুটি পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর রোগীর মৃত্যুর প্রকৃত কারণ এবং চিকিৎসাসেবায় কারও দায়িত্বে অবহেলা ছিল কি না, তা স্পষ্ট হবে।