মো: সাজিদুল ইসলাম, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভায় অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা সহ ২ মাদক কারবারিকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ।
শনিবার (১১ অক্টোবর ২০২৬) সকাল অনুমান ০৬.৪০ ঘটিকার দিকে পৌরসভার ০১নং ওয়ার্ডের পীরের বাজার খন্দকার ভিলা-২ এর সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার একটি চৌকস দল জানতে পারে যে, একটি সিএনজি যোগে বিপুল পরিমাণ গাঁজার চালান পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পীরের বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এসময় সন্দেহজনক একটি সিএনজিকে থামিয়ে তল্লাশি করে সিএনজির ভেতরে বিশেষ কায়দায় রাখা ৭টি বড় বড় পুটলি থেকে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় সিএনজিতে থাকা দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন-
মোঃ শাকিল মিয়া (২৩), পিতা- আব্দুর রউফ মিয়া,
মোঃ নাঈম মিয়া (২৫), পিতা- আব্দুর নূর,
উভয়ের ঠিকানা: গ্রাম- গণকিরপাড়, ০৮নং ওয়ার্ড, ০১নং গাজীপুর ইউনিয়ন, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। উদ্ধারকৃত ৩৫ কেজি গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে আমাদের বিশেষ অভিযান চলমান রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


