সিনিয়র করেসপন্ডেন্টঃ চুনারুঘাট থেকে ট্রেনে ঢাকায় যাওয়ার পথে নিখোঁজ হওয়ার একদিন পর মিজানুর রহমান পাঠান নামে এক যুবকের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেললাইনের পাশ থেকে উদ্ধার করা হয়েছে।
নিহত মিজানুর রহমান পাঠান চুনারুঘাট উপজেলার পাইকুড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে শায়েস্তাগঞ্জ রেলস্টেশন থেকে ঢাকাগামী একটি ট্রেনে ওঠেন মিজানুর রহমান। ট্রেনে ওঠার পর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
এরপর গত ৩ অক্টোবর বিকেল ৩টার দিকে আখাউড়ার আজমপুর রেলস্টেশন থেকে প্রায় ৩০০ মিটার দূরে খরমপুর বাইপাস রেললাইনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে সংশ্লিষ্টরা মরদেহটি উদ্ধার করেন।
পরে মরদেহটি আখাউড়া রেলওয়ে থানায় রাখা হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
এ ঘটনায় এলাকায় ও নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের অপেক্ষায় রয়েছেন স্বজনরা।


