মোঃ তোফাজ্জল মিয়া : চুনারুঘাট উপজেলার রাজার বাজারের দামোদরপুর গ্রামে আদালতের নির্দেশে আলোচিত তালুকদার গেইট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলা প্রশাসনের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আনোয়ার পুলিশের সহযোগিতায় আদালতের রায় বাস্তবায়ন করেন।
জানা যায়, ২০২৪ সালে স্থানীয় এলজিইডির একটি সরকারি রাস্তা পাকাকরণের উদ্যোগ নেওয়া হলে রাস্তার মালিকানা দাবি করে ফয়জুল ইসলাম তালুকদার আদালতে মামলা দায়ের করেন। এ সময় তিনি সরকারকে বিবাদী করেন। মামলায় জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), হবিগঞ্জের এলজিইডির নির্বাহী প্রকৌশলী এবং চুনারুঘাটের উপজেলা প্রকৌশলীকে বিবাদী করা হয়।
দীর্ঘদিন মামলা চলার পর গত ৭ অক্টোবর ২০২৬ সালে জেলা ও দায়রা জজ আদালত রায় দেন। আদালত রাস্তাটিকে এলজিইডির সরকারি রাস্তা হিসেবে ঘোষণা করেন এবং রাস্তার ওপর থাকা ব্যক্তিমালিকানাধীন স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন।
আদালতের ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে ৫ নভেম্বর উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করে রাস্তার ওপর নির্মিত তালুকদার গেইটটি ভেঙে দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি নকশা অনুযায়ী রাস্তাটির প্রস্থ ১৬ ফুট হলেও তালুকদার গেইটটি রাস্তার প্রায় ১৪ ফুট অংশজুড়ে নির্মাণ করা হয়েছিল। এতে দীর্ঘদিন ধরে রাস্তা পাকাকরণের কাজ আটকে ছিল। রাস্তাটি দিয়ে প্রায় ১০০ থেকে ১৫০টি পরিবারের মানুষ নিয়মিত যাতায়াত করেন।
দীর্ঘদিন সরকারি রাস্তার নির্মাণকাজ বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ ছিল। অবশেষে আদালতের নির্দেশে রাস্তার ওপর নির্মিত গেইটটি উচ্ছেদ হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা দ্রুত রাস্তাটির পাকাকরণ কাজ শুরু করার দাবি জানিয়েছেন।


