চুনারুঘাট উপজেলার আসামপাড়া বাজারে জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় ‘ছাতা’ নামের একটি হোটেল ও একটি এলপিজি গ্যাস বিক্রয়কারী প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে ‘ছাতা’ হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, অনুমোদনহীন রং ও কেওড়া জল ব্যবহারের প্রমাণসহ বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা পরিলক্ষিত হয়। এসব বিষয় আমলে নিয়ে হোটেলটির সত্ত্বাধিকারী আবু মিয়া হাজারী, পিতা—আনা মিয়া হাজারী, সাং—আসামপাড়া বাজারকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
এ সময় হোটেল কর্তৃপক্ষকে দ্রুত স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করা হয়।
পরবর্তীতে বাজারের একটি এলপিজি গ্যাস বিক্রয়কারী প্রতিষ্ঠানে অভিযান চালানো হলে সেখানে সরকারি মূল্য তালিকা পাওয়া যায়। এ সময় বিক্রেতাকে সরকারি নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস বিক্রি এবং ভোক্তাদের স্বার্থে মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
জনস্বার্থে ভোক্তা অধিকার ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চুনারুঘাট উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।


