হাসপাতাল-থানার অনিয়ম নিয়ে প্রতিবেদন, হুমকির মুখে সাংবাদিক মাসুদ আলম

স্টাফ রিপোর্টারঃ চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানাকে ঘিরে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পর হুমকি-ধমকির শিকার হওয়ার অভিযোগ করেছেন সাংবাদিক মাসুদ আলম। এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।

সাংবাদিক মাসুদ আলম চুনারুঘাট উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে সংবাদকর্মী হিসেবে কাজ করছেন। সম্প্রতি তিনি চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানার বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা ও অভিযোগ নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করেন। এসব প্রতিবেদনে সরকারি দুই প্রতিষ্ঠানের নানা অনিয়মের বিষয় উঠে আসে বলে জানান তিনি।

মাসুদ আলমের দাবি, প্রতিবেদনগুলো প্রকাশের পর থেকেই বিভিন্নভাবে তাকে হুমকি ও ধমকি দেওয়া হচ্ছে। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি বলেন, “আমি আমার দায়িত্ব পালন করে মানুষের কথা তুলে ধরেছি। সরকারি প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতির বিষয়ে প্রতিবেদন করার পর থেকেই নানাভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। আমি প্রাণ সংশয়ে আছি। আমার নিরাপত্তা প্রয়োজন।”

সাংবাদিক মাসুদ আলম আরও বলেন, সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হুমকি দেওয়া হলে তা স্বাধীন সাংবাদিকতার পরিবেশের জন্য উদ্বেগের বিষয়। তিনি বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এনে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।