মোঃতোফাজ্জল মিয়া : আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর জাতীয় কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভায় নিজস্ব অর্থায়নে বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। এর আওতায় পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক ও কবরস্থানে ১ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে চুনারুঘাট পৌরসভা কার্যালয় চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক গালিব চৌধুরী।
উদ্বোধনকালে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ নগরী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচিকে সফল করতে চুনারুঘাট পৌরসভা নিজস্ব অর্থায়নে এ উদ্যোগ নিয়েছে। শুধু চারা রোপণ নয়, রোপিত গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণেও পৌরসভা নিয়মিত তদারকি করবে।
পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা লিয়াকত আলী জানান, ১ হাজার চারা তিনটি খাতে ভাগ করে বিতরণ ও রোপণ করা হয়েছে।
এর মধ্যে পৌর এলাকার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫০০টি ফলজ ও ছায়াদানকারী গাছের চারা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের গাছের প্রতি আগ্রহী করে তোলা এবং নিজেরাই গাছের পরিচর্যা করার অভ্যাস গড়ে তোলাই এর অন্যতম উদ্দেশ্য।
এ ছাড়া পৌরসভার দুটি প্রধান সড়কের দুই পাশে সৌন্দর্যবর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ৩০০টি বনজ চারা রোপণ করা হয়েছে। পাশাপাশি পৌর এলাকার দুটি কবরস্থানের অভ্যন্তরে ও সীমানাজুড়ে পরিবেশবান্ধব ২০০টি চারা রোপণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা তৌফিক আনোয়ার, পৌরসভার প্রকৌশলী, সচিব, কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


