চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাটে মাদকদ্রব্য সেবন করে পারিবারিক অশান্তি সৃষ্টির দায়ে আব্দুল আহাদ নামে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত আব্দুল আহাদ চুনারুঘাট উপজেলার উত্তর হাতুন্ডা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদকদ্রব্য সেবন করে পারিবারিক অশান্তি সৃষ্টি করার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে ৬ (ছয়) মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সমাজে মাদকের অপব্যবহার ও অবৈধ কার্যক্রম প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মাদকবিরোধী অভিযান জোরদার করার পাশাপাশি মাদকের ভয়াবহতা থেকে পরিবার ও সমাজকে রক্ষায় প্রশাসনের এমন উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সচেতন মহল।



