নিজস্ব প্রতিবেদক: একটি ফুল, পাতার শিরায় জমে থাকা সূক্ষ্ম নকশা কিংবা ফুলের ওপর বসে থাকা ছোট্ট একটি মৌমাছি প্রকৃতির এমন সাধারণ দৃশ্যই ক্যামেরার ফ্রেমে অসাধারণ করে তুলছেন তরুণ আলোকচিত্রী অভিউল মারুফ। তাঁর Botanical Silence বা ‘উদ্ভিদের নীরবতা’ ছবিমালা জায়গা করে নিয়েছে একাধিক আন্তর্জাতিক প্রকাশনায়। এতে দেশের তরুণ এই আলোকচিত্রীর কাজ পৌঁছে গেছে বিশ্বমঞ্চে।
হবিগঞ্জে জন্ম নেওয়া অভিউল বর্তমানে সিলেটে বসবাস করছেন। পড়াশোনার পাশাপাশি ২০২২ সাল থেকে আলোকচিত্রচর্চা করছেন তিনি। প্রকৃতি, আলো-ছায়া ও দীর্ঘ সময় ধরে আলো ধারণের কৌশলের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
অভিউলের ‘Botanical Silence’ ছবিমালায় ফুল, পাতা ও উদ্ভিদের সূক্ষ্ম গঠন উঠে এসেছে নিবিড়ভাবে। গাঢ় পটভূমিতে আলো-ছায়ার মেলবন্ধন ছবিগুলোকে দিয়েছে স্বতন্ত্র রূপ। ২০২৬ সালে সিলেটের বিভিন্ন স্থানে ধারণ করা এসব ছবি প্রকাশিত হয়েছে ফ্রান্সের ‘L’oeil de la Photographie’, ইতালির ‘Collater.al’ ও অস্ট্রেলিয়ার ‘Byron Magazine’-এ। অস্ট্রেলিয়ার সাময়িকী ‘Byron Magazine’-এ তাঁর একটি ছবি ‘The Quiet Poetry of Flowers’ শিরোনামের প্রচ্ছদ প্রতিবেদনেও স্থান পেয়েছে। এ ছাড়া ‘WallMag’-সহ আরও কয়েকটি আন্তর্জাতিক মাধ্যমে প্রকাশিত হয়েছে তাঁকে নিয়ে প্রতিবেদন ও সাক্ষাৎকার।
আন্তর্জাতিক স্বীকৃতির পাশাপাশি দেশেও সাফল্য পেয়েছেন অভিউল। ২০২৬ সালে সিলেট পরিবেশ সম্মেলনে আয়োজিত পরিবেশবিষয়ক আলোকচিত্র প্রদর্শনীতে চ্যাম্পিয়ন হন তিনি।
কৌতূহল থেকে আলোকচিত্রের পথে
অভিউলের আলোকচিত্রের প্রতি আগ্রহের শুরু সপ্তম শ্রেণিতে পড়ার সময়। এক রাতে তাঁর এক মামাকে অন্ধকারে ছবি তুলতে দেখে বিষয়টি তাঁকে আকৃষ্ট করে। পরে মুঠোফোনের নিজস্ব নিয়ন্ত্রণব্যবস্থা ও ট্রাইপড ব্যবহার করে ছবি তোলার চেষ্টা শুরু করেন তিনি। অন্ধকার দৃশ্য দীর্ঘ সময় ধরে আলো ধারণের মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠার অভিজ্ঞতা তাঁকে আলোকচিত্রের প্রতি আরও আগ্রহী করে তোলে।
পরবর্তী সময়ে ‘Nocturne’ ছবির সংকলন ও ‘Midnight Magician’ ছবিমালায় দীর্ঘ সময় ধরে আলো ধারণের কৌশলে তাঁর কাজের পরিচয় পাওয়া যায়। পেশাদার ক্যামেরার পাশাপাশি বর্তমানে Redmi মুঠোফোনের ক্যামেরা ব্যবহার করেও ছবি তুলছেন তিনি। রাতের শহর, যানবাহনের আলোর রেখা, বজ্রপাত ও প্রকৃতির নানা সূক্ষ্ম দৃশ্য তাঁর ছবির বিষয় হয়ে ওঠে।
অভিউলের ছবির মূল শক্তি প্রকৃতির চেনা দৃশ্যকে নতুনভাবে দেখার সুযোগ করে দেওয়া। ব্যস্ততার কারণে যে সৌন্দর্য অনেক সময় আমাদের চোখ এড়িয়ে যায়, ক্যামেরার মাধ্যমে সেটিকেই তুলে ধরছেন তিনি। পড়াশোনার পাশাপাশি আলোকচর্চা চালিয়ে যাওয়া এই তরুণের স্বপ্ন, প্রকৃতির নীরব গল্প আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া।


