চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাট পৌর শহরের যানজট নিরসন ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্যারিকেড স্থাপন করে বিশেষ অভিযান পরিচালনা করেছে পৌরসভা। একই সঙ্গে নির্ধারিত নম্বরপ্লেটবিহীন টমটম, মিশুক ও রিকশার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।
গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখে চুনারুঘাট পৌরসভার হাট ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ কার্যক্রম পরিচালনা করা হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ১১টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শহরে সব ধরনের মালবাহী ও পণ্যবাহী ট্রাকের প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়। পাশাপাশি পৌরসভার নির্ধারিত নম্বরপ্লেটবিহীন টমটম, মিশুক ও রিকশা শহরে প্রবেশের মুখে আটকে দেওয়া হয়।
পৌরসভা কর্তৃপক্ষের লক্ষ্য, শহরের প্রধান সড়কগুলোতে যানজট কমানো, পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং নগরীর ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা।
পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, যানজট নিরসন ও সুশৃঙ্খল নগর পরিবেশ গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নির্ধারিত নিয়ম অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


