বিশেষ প্রতিনিধি: চুনারুঘাটে অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে চুনারুঘাট উপজেলার গাদীশাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষিজমি থেকে অনুমতি ছাড়া মাটি কাটার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় আব্দুল জাহির (পিতা: আব্দুল গফুর), সাং-গাদীশাল, অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি উত্তোলন করেছেন বলে প্রমাণিত হয়। পরে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ ছাড়া ভবিষ্যতে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মাটি উত্তোলন না করার বিষয়ে তাঁকে কঠোরভাবে সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার। অভিযানে চুনারুঘাট থানা-পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
সহকারী কমিশনার (ভূমি) জানান, চুনারুঘাট উপজেলার যেকোনো স্থানে অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেন।


