স্টাফ রিপোর্টারঃ : দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের চা শ্রমিকদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (রেজি. নং- বি-৭৭)-এর ত্রিবার্ষিক নির্বাচন।
আগামী ২৮ নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন এই কেন্দ্রীয় নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্রমিক নেতা নৃপেন পাল।
নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে চা বাগানগুলোতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রার্থীরা বাগানে বাগানে গিয়ে শ্রমিকদের সাথে মতবিনিময় ও গণসংযোগ শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় সাধারণ সম্পাদক পদপ্রার্থী নৃপেন পাল তার নির্বাচনী প্রতীক ‘মোরগ’ মার্কায় চা শ্রমিকদের মূল্যবান ভোট, দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।
গণসংযোগকালে নৃপেন পাল চা শ্রমিকদের ন্যায্য মজুরি, জীবনমান উন্নয়ন, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন,
দীর্ঘ আট বছর পর চা শ্রমিকদের প্রাণের এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। চা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় এবং বাগানের সার্বিক উন্নয়নে আমি সবসময় আপনাদের পাশে ছিলাম এবং আগামীতেও থাকব। আপনারা আগামী ২৮ নভেম্বর ‘মোরগ’ মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দিন।”
উল্লেখ্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তরের অধীনে গঠিত নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
সর্বশেষ ২০১৮ সালের ২৪ জুন এই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ প্রতীক্ষার পর এবারের নির্বাচনে দেশের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম ও রাঙামাটি জেলার ২৩০টিরও বেশি চা বাগানের প্রায় এক লাখ শ্রমিক পঞ্চায়েত, ভ্যালি এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।



