নিউজ ডেস্কঃ সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর পৃথক অভিযানে ৩০ কেজি ভারতীয় গাঁজা, ২৯ বোতল বিয়ারসহ সর্বমোট ৪৫ লক্ষ ৪০ হাজার ২৫০ টাকা মূল্যের অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এই বিশেষ অভিযানগুলো পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধীনস্থ সাতছড়ি বিওপির একটি বিশেষ টহলদল চুনারুঘাট উপজেলার বাজার টিলা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৩০ কেজি ভারতীয় গাঁজা ও ১ বোতল ভারতীয় বিয়ার জব্দ করে। একই দিনে তেলিয়াপাড়া বিওপির অপর একটি টহলদল মাধবপুর উপজেলার বান্ডুরীয়া এলাকায় অভিযান পরিচালনা করে ২৮ বোতল ভারতীয় বিয়ার জব্দ করে।
এছাড়া, গত ১০ নভেম্বর মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্ত্বর এবং চন্ডিছড়া মাজার নামক স্থানে পৃথক দুটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কম্বল ও মেহেদি জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব চোরাচালানি পণ্যের সর্বমোট সিজার মূল্য ৪৪ লক্ষ ২৮ হাজার টাকা।
জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্যসমূহ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
মাদক ও চোরাচালান বিরোধী এই অভিযান সম্পর্কে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, সীমান্তবর্তী এলাকায় মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্ত এলাকায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সীমান্ত সুরক্ষায় সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টা কামনা করেছে বিজিবি।


