চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় অর্ধ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক: চুনারুঘাটে অনুমতি ছাড়া খোয়াই নদীর পাড়বর্তী এলাকা থেকে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আনোয়ারের নেতৃত্বে চুনারুঘাট পৌরসভার আমকান্দি স্লুইসগেট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অনুমতি ছাড়া মাটি কাটার সত্যতা পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী উপজেলার বনগাঁও গ্রামের লুৎফর রহমানের ছেলে মনজুর রহমান রাতুলকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে তাঁকে কঠোরভাবে সতর্ক করা হয়।

ম্যাজিস্ট্রেট জানান, কৃষিজমি ও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনস্বার্থে অনুমতি ছাড়া মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে।