চুনারুঘাট উপজেলা

চুনারুঘাটে মা-পুত্রবধূকে বেঁধে ১৮ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ, থানায় ১৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ

চুনারুঘাটে মা-পুত্রবধূকে বেঁধে ১৮ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ, থানায় ১৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ

নিউজ ডেস্ক: চুনারুঘাটে গভীর রাতে বসতঘরে প্রবেশ করে এক নারী ও তাঁর পুত্রবধূকে হাত-পা বেঁধে নগদ ৭ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে ১৬ জনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার উবাহাটা ইউনিয়নের কাপুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগকারী মোছা. রেজিয়া খাতুন (৫৫), স্বামী মো. বাবুল মিয়া। তিনি কাপুরিয়া গ্রামের বাসিন্দা।

অভিযোগে অভিযুক্তদের মধ্যে রয়েছেন মো. জয়নাল মিয়া (২৮), শাকিল মিয়া (২০), সপু মিয়া (৩০), নজির মিয়া (৩০), বিলাল মিয়া (৩২), রুবেল মিয়া (২৮), কাউসার মিয়া (৩৩), সোয়েব মিয়া (২৫), আব্দাল মিয়া (৩৮), আক্কাছ মিয়া (৩৬), জিহাদ মিয়া (২৫), ফয়সল মিয়া (২৬), লিটন মিয়া (৩২), সানু মিয়া (৩৫), রাসেল মিয়া (৩০) ও শাহ আলম (৩০)। তাঁদের অধিকাংশের বাড়ি কাপুরিয়া গ্রামে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, রেজিয়া খাতুন তাঁর অসুস্থ স্বামী ও পুত্রবধূ ইতি আক্তারকে নিয়ে বাড়িতে বসবাস করেন। তাঁর এক ছেলে সেনাবাহিনীতে চাকরির সুবাদে ঢাকায় এবং অন্য ছেলে লেখাপড়ার জন্য সিলেটে অবস্থান করেন। অভিযুক্তদের সঙ্গে তাঁদের পূর্ববিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে বিচার-সালিশের উদ্যোগ নেওয়ায় অভিযুক্তরা তাঁদের ওপর ক্ষুব্ধ ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

রেজিয়া খাতুনের অভিযোগ, ঘটনার রাতে অভিযুক্তরা পরস্পর যোগসাজশে দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বসতবাড়িতে প্রবেশ করেন। এ সময় ঘরের দরজা ধাক্কা দিয়ে খুলে তাঁরা রেজিয়া খাতুন ও তাঁর পুত্রবধূ ইতি আক্তারের হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলেন। পরে তাঁদের ভয়ভীতি ও হুমকি দিয়ে ঘরের শোকেসের ড্রয়ার খুলে নগদ ৭ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ১০ লাখ ৭৫ হাজার টাকা এবং আরও ২০ থেকে ৩০ হাজার টাকার মালামাল নিয়ে যান।

অভিযোগে আরও বলা হয়, লুটপাট শেষে চলে যাওয়ার সময় অভিযুক্তরা এ ঘটনা নিয়ে মামলা-মোকদ্দমা করলে রেজিয়া খাতুন ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করে লাশ গুম করার হুমকি দেন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা বাড়িতে এসে তাঁদের হাতের বাঁধন খুলে উদ্ধার করেন।

ভুক্তভোগী রেজিয়া খাতুন জানান, তিনি ও তাঁর স্বামী হজে যাওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে টাকা জমিয়ে রেখেছিলেন। সেই জমানো টাকা ও স্বর্ণালংকার হারিয়ে তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ ঘটনায় অভিযুক্ত ১৬ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চুনারুঘাট থানার পুলিশের কাছে আবেদন জানিয়েছেন রেজিয়া খাতুন।