চুনারুঘাট উপজেলা

মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ঘরছাড়া, ১০ ঘণ্টা পর সুরমা নদীতে মিলল মা-মেয়ের মরদেহ, চুনারুঘাটে শোকের ছায়া

মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ঘরছাড়া, ১০ ঘণ্টা পর সুরমা নদীতে মিলল মা-মেয়ের মরদেহ, চুনারুঘাটে শোকের ছায়া

চুনারুঘাট প্রতিনিধি: সিলেটে নিখোঁজের প্রায় ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে মা ও তাঁর ১১ মাস বয়সী শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মা মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমি (৩৩) চুনারুঘাট উপজেলার মিরাশী গ্রামের জীবনানন্দ বিশ্বাসের স্ত্রী। তাঁদের শিশুকন্যার নাম জয়স্মিতা বিশ্বাস।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সিলেট নগরীর মাছিমপুর এলাকার সুরমা নদীর ঘাট থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে মা ও মেয়ে নিখোঁজ হন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু চৌধুরী।

নিহত মঞ্জুশ্রীর স্বামী জীবনানন্দ বিশ্বাস জানান, তাঁর স্ত্রী মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন। তাঁদের ১১ মাস বয়সী মেয়ে জয়স্মিতা থ্যালাসেমিয়ায় আক্রান্ত। মেয়ের চিকিৎসা ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করতে করতে মঞ্জুশ্রী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এ কারণে তাঁর চিকিৎসাও চলছিল।

তিনি আরও জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কাউকে কিছু না জানিয়ে স্ত্রী মেয়েকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যান। এরপর থেকে তাঁদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে নদী থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধারের খবর পান তিনি।

এদিকে মর্মান্তিক এ মৃত্যুর সংবাদে চুনারুঘাট উপজেলার মিরাশী গ্রামসহ স্বজন, বন্ধু ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। জীবনানন্দ বিশ্বাসের বন্ধু ও সহপাঠীদের মধ্যেও গভীর শোকের সৃষ্টি হয়েছে।

একই সঙ্গে মা ও ১১ মাসের শিশুকন্যার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোক ও সমবেদনা জানিয়েছেন অনেকে।