চুনারুঘাট প্রতিনিধি: একসময় চুনারুঘাট উপজেলার রাজনৈতিক অঙ্গনে ছিলেন অত্যন্ত পরিচিত ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। রাজনীতি, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ছিলেন সম্মানিত। অথচ সময়ের পরিক্রমায় আজ তিনি অনেকটাই আড়ালে। কেমন আছেন, কীভাবে কাটছে তাঁর দিন—খোঁজ নেওয়ার মানুষও যেন কমে গেছে।
তিনি হলেন চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক একাধিকবারের সভাপতি, রাজার বাজারসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং শ্রীকুটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল আউয়াল স্যার।
বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় বর্তমানে অসুস্থ তিনি। স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। বর্তমানে চুনারুঘাট বাজারে নিজ বাসায় অবস্থান করছেন।
একসময় রাজনৈতিক অঙ্গনে নেতৃত্ব দেওয়া এবং শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই প্রবীণ ব্যক্তিত্বের অসুস্থতার খবরে তাঁর শুভাকাঙ্ক্ষী, সাবেক সহকর্মী, শিক্ষার্থী ও রাজনৈতিক সহযোদ্ধাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
দীর্ঘদিন রাজনীতি ও শিক্ষা ক্ষেত্রে অবদান রাখা এমন একজন প্রবীণ ব্যক্তিত্বের খোঁজখবর নেওয়া এবং তাঁর পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব।
আলহাজ্ব আব্দুল আউয়াল স্যারের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনরা।



