চুনারুঘাট পৌর শহর

চুনারুঘাট পৌরসভায় অবৈধ দখল ও পার্কিংয়ে যানবাহনসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চুনারুঘাট পৌরসভায় অবৈধ দখল ও পার্কিংয়ে যানবাহনসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মোঃ তোফাজ্জল মিয়া: চুনারুঘাট পৌরসভায় অবৈধ পার্কিং, ড্রেনের ওপর অবৈধভাবে ঢালাই ও জায়গা দখল করে ব্যবসা পরিচালনার দায়ে দুটি দোকানকে জরিমানা করা হয়েছে। এ সময় চারটি অটোরিকশাকেও অর্থদণ্ড দেওয়া হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার ডাকবাংলো রোডসংলগ্ন বাল্লারোড এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে যত্রতত্র গাড়ি পার্কিং করে যাত্রী ওঠানামা করানোর দায়ে দুটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনার খবর পেয়ে শহরের অবৈধ স্ট্যান্ডগুলো থেকে চালকেরা গাড়ি সরিয়ে নেন। এ ছাড়া ডাকবাংলো সংলগ্ন বাল্লারোড এলাকায় আসামপাড়া ও আমুরোডগামী দুটি সিএনজির বেশি রাখা নিষেধ করা হয়।

অন্যদিকে, বাল্লারোডে ড্রেনের ওপর অবৈধভাবে ঢালাই করে তার ওপর মালামাল রেখে জায়গা দখল করে ব্যবসা পরিচালনার দায়ে আমকান্দি স্টোরকে ১০ হাজার টাকা এবং মুদিমাল ব্যবসায়ী লিটন পালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

এ ছাড়া ‘বেস্ট বাই’ সুপার শপকে ড্রেনের ওপর নির্মিত টাইলস ও ঢালাই অপসারণের নির্দেশ দেওয়া হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার বলেন, পৌরসভার অভ্যন্তরে যানজট নিরসনে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।