মোঃ তোফাজ্জল মিয়া, চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাট পৌরসভার ঐতিহ্যবাহী নারী শিক্ষাপ্রতিষ্ঠান চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন চুনারুঘাট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ সুমন। তিনি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, প্রশাসনিক কার্যক্রম ও সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।
গত ২১ সেপ্টেম্বর (সোমবার) চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাউছার শোকরানার স্বাক্ষরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে মোহাম্মদ সুমন ছাড়াও অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন মোঃ আব্দুল আওয়াল, মোঃ নুরুল হক, মোঃ সিরাজুল ইসলাম ও মোঃ আব্দুল রাজীব। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন শাহিনা আক্তার।
এ ছাড়া শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন রাজীব চন্দ্র রায়, মোঃ আব্দুর রাজীব ও খুরশিদ জাহান মুনমুন।
প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরিত পত্রে জানা যায়, চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৬ উপলক্ষে গত ২ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই করা হয়। বাছাই শেষে অভিভাবক সদস্য পদে ৫টি, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ১টি, সাধারণ শিক্ষক সদস্য পদে ২টি এবং সাধারণ মহিলা শিক্ষক সদস্য পদে ১টিসহ মোট ৯টি মনোনয়নপত্র বৈধ হিসেবে গৃহীত হয়।
পরবর্তীতে ৮ সেপ্টেম্বর একজন প্রার্থী অভিভাবক সদস্য পদে তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করেন। অবশিষ্ট পদগুলোতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীদের নিজ নিজ ক্যাটাগরিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সদস্য মোহাম্মদ সুমন বলেন, আমার একজন মেয়ে এই বিদ্যালয়ের শিক্ষার্থী। তাই এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার সম্পর্ক শুধু একজন অভিভাবকের নয়, একজন দায়িত্বশীল অংশীজনেরও। চুনারুঘাট পৌরসভার অন্যতম নারী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বিদ্যালয়টির শিক্ষার মান, শৃঙ্খলা ও সার্বিক পরিবেশের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন;একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন কেবল একটি কমিটির একক প্রচেষ্টায় সম্ভব নয়; এর জন্য প্রয়োজন শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা। আমরা স্বচ্ছতা, জবাবদিহি ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে বিদ্যালয়ের কার্যক্রমকে আরও গতিশীল করার চেষ্টা করব।
মোহাম্মদ সুমন বলেন; শিক্ষার্থীদের নিরাপদ, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা আমাদের অন্যতম অগ্রাধিকার। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে চাই।
তিনি বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করে বলেন, আমাদের লক্ষ্য কোনো ব্যক্তিগত অর্জন নয়; বরং এই প্রতিষ্ঠানের সুনাম, শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং চুনারুঘাটের নারী শিক্ষার অগ্রযাত্রাকে আরও সুদৃঢ় করা।


