চুনারুঘাটে যে কারণে এলপিজি’র, ডিলার কে ৫০ হাজার টাকা জরিমানা করা হলো

মোঃ তোফাজ্জল মিয়া: চুনারুঘাটে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স এবং অনুমোদিত সীমার অতিরিক্ত গ্যাস মজুদের অভিযোগে জননী এন্টারপ্রাইজ নামের একটি এলপিজি ডিলার প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার উত্তর বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে প্রতিষ্ঠানটিতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স এবং পূর্বের লাইসেন্সে অনুমোদিত সীমার চেয়ে বেশি এলপিজি মজুদের অসামঞ্জস্য পাওয়া যায়।

তবে প্রতিষ্ঠানের ক্রয় রশিদ যাচাই করে দেখা যায়, সরবরাহকারী প্রতিষ্ঠান ‘সেনা’ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ওই ডিলারের কাছে এলপিজি বিক্রি করেছে। বিষয়টি যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তাও উঠে আসে।

এ ঘটনায় প্রতিষ্ঠানের ম্যানেজার আব্দুল লতিফ, পিতা-আব্দুল ছোবহান, সাং-মাঝিশাইলকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

পাশাপাশি দ্রুত লাইসেন্স নবায়ন, অনুমোদিত সীমা অনুযায়ী এলপিজি মজুদ, ক্রয়-বিক্রয়ের রশিদ যথাযথভাবে সংরক্ষণ এবং সরকার নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রির বিষয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি ও অনিয়মতান্ত্রিকভাবে মজুদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।