চুনারুঘাট উপজেলা

আইটিভি-র সংবাদ প্রকাশের পর,অবশেষে সংস্কার হচ্ছে কাচুয়া উচ্চ বিদ্যালয়ের সামনের ঝুঁকিপূর্ণ সড়ক

আইটিভি-র সংবাদ প্রকাশের পর,অবশেষে সংস্কার হচ্ছে কাচুয়া উচ্চ বিদ্যালয়ের সামনের ঝুঁকিপূর্ণ সড়ক

বিশেষ প্রতিনিধি, চুনারুঘাট উপজেলার আসামপাড়া-চুনারুঘাট এলজিইডি সড়কের কাচুয়া উচ্চ বিদ্যালয়ের সামনে গড়ে ওঠা বিপজ্জনক কৃত্রিম আইল্যান্ডটি ভেঙে সড়ক সংস্কার সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জনপ্রিয় অনলাইন নিউজ চ্যানেল আইটিভি-তে বিস্তারিত চিত্রসহ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পর প্রশাসনের নজরে এলে দ্রুত এই পদক্ষেপ নেওয়া হয়।
​জানা যায়, দীর্ঘদিন ধরে ভারী ও বড় যানবাহন চলাচলের কারণে কাচুয়া উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কের পিচ উঁচুর হয়ে বিপজ্জনক এক আইল্যান্ডের রূপ নিয়েছিল। ফলে প্রতিনিয়ত মোটরসাইকেল, সিএনজি অটোরিকশাসহ নানা যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছিল। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ পথচারীরা প্রতিনিয়ত চরম ঝুঁকির মধ্যে যাতায়াত করতেন। ​জনভোগান্তি ও দুর্ঘটনার চিত্র তুলে ধরে আইটিভি-তে একটি অনুসন্ধানী ও জনস্বার্থমূলক সংবাদ প্রকাশিত হলে বিষয়টি এলজিইডি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। সংবাদ প্রকাশের পর তড়িৎ ব্যবস্থা নিয়ে সড়কটির উঁচু অংশ ও ঝুঁকিপূর্ণ কৃত্রিম আইল্যান্ডটি ভেঙে অপসারণ করা হয় এবং সড়কটিকে পুনর্নির্মাণ করে স্বাভাবিক যাতায়াতের উপযোগী করা হয়েছে।
​এ বিষয়ে স্থানীয় বাসিন্দা, ভুক্তভোগী যানবাহন চালক ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, সংবাদ প্রকাশের পর প্রশাসনের এমন দ্রুত ও কার্যকারী পদক্ষেপে কাচুয়া উচ্চ বিদ্যালয় এলাকার দুর্ঘটনা ও মরণফাঁদ থেকে মানুষ মুক্তি পেয়েছে। ​ঝুঁকিপূর্ণ স্থানটি দ্রুত সংস্কার করায় এলজিইডি কর্তৃপক্ষ এবং বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী সংবাদ পরিবেশনের জন্য আইটিভি পরিবারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।