ওমানের মাসকাটে ১৬ দিন ধরে নিখোঁজ চুনারুঘাটের যুবক রিফাত, মায়ের আহাজারি

চুনারুঘাট প্রতিনিধি: জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছিলেন মধ্যপ্রাচ্যের দেশ ওমানে। সুখের আশায় পরিবারের মুখে হাসি ফোটাতে কাজ নিয়েছিলেন মাসকাট শহরের একটি রেস্টুরেন্টে। কিন্তু হঠাৎ করেই সব যোগাযোগ বিচ্ছিন্ন। টানা ১৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালিশীরি গ্রামের যুবক খলিলুর রহমান রিফাত (২৭)।

নিখোঁজ রিফাত উপজেলার কালিশীরি গ্রামের বাসিন্দা আজিজুল হকের দ্বিতীয় সন্তান। তিনি প্রায় ছয় বছর ধরে ওমানে অবস্থান করে মাসকাট শহরে একটি রেস্টুরেন্টে কাজ করতেন।

পরিবার সূত্রে জানা যায়, ছয় বছর ধরে ওমানে থাকলেও প্রতিদিনই মা সাফিয়া আক্তারের সাথে ফোনে কথা হতো তার। সর্বশেষ ১৬ দিন আগে মায়ের সাথে তার শেষ কথা হয়। মাকে তিনি জানিয়েছিলেন ভালো আছেন। তারপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ।

প্রথমে নেটওয়ার্ক সমস্যা ভেবেছিলেন পরিবার। কিন্তু একদিন, দুইদিন করে ১৬ দিন পেরিয়ে গেলেও যখন কোনো খোঁজ মেলেনি, তখন দুশ্চিন্তা বাড়তে থাকে। পরে ওমানে থাকা তার সহকর্মী, রুমমেট এবং পরিচিত বাংলাদেশিদের সাথে যোগাযোগ করে পরিবার। তারাও রিফাতের কোনো সন্ধান দিতে পারেননি। কেউ বলছেন রেস্টুরেন্টেও আসছেন না তিনি।

ওমানে মাসকাটে রেস্টুরেন্টের বিদেশি মালিকের সাথে যোগাযোগ করা হলে তিনিও কোনো সঠিক খোঁজ দিতে পারেননি।

ছেলের নিখোঁজের খবরে কালিশীরি গ্রামের বাড়িতে চলছে মাতম। মা সাফিয়া আক্তার ছেলের শোকে বারবার মূর্ছা যাচ্ছেন। বাবা আজিজুল হক ছেলের খোঁজে বিভিন্ন জায়গায় ছুটছেন।

মা সাফিয়া আক্তার বলেন, আমার ছেলে প্রতিদিন আমাকে ফোন দিতো। ১৬ দিন ধরে আমার বুকটা খালি। আমার ছেলে বেঁচে আছে কিনা তাও জানি না। আমার ছেলেকে খুঁজে পেতে আমি সরকারের কাছে, প্রবাসী ভাইদের কাছে সাহায্য চাই।

পরিবারের পক্ষ থেকে ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং চুনারুঘাট উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করছেন রিফাতের বাবা আজিজুল হক। একই সাথে ওমানের মাসকাটে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, ছবিতে থাকা খলিলুর রহমান রিফাতের সন্ধান পেলে তার পরিবারকে জানানোর জন্য।

যোগাযোগ: ০১৯২৮২৯০৫৫৪ (whats app)