চুনারুঘাট উপজেলা

চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা

চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা

 

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে ইজারা ও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সিলিকা বালু উত্তোলনের দায়ে মোঃ সুজন নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সিলিকা বালুভর্তি একটি ট্রাক্টরসহ তাঁকে আটক করা হয়।

বুধবার (২১ অক্টোবর) রাত ৭টা ৪৫ মিনিটে উপজেলার মহিমাউড়া নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। আটক সুজন উমরাজের ছেলে। তিনি জানান, পানছড়ি এলাকা থেকে সিলিকা বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছিলেন।

কর্তৃপক্ষের অনুমতি ও ইজারা ছাড়া সিলিকা বালু উত্তোলনের অপরাধ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। জরিমানা পরিশোধ করায় তাঁকে কঠোরভাবে সতর্ক করে অবমুক্ত করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় চুনারুঘাট থানা পুলিশ, আনসার সদস্য ও স্থানীয় এলাকাবাসী সার্বিক সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।