রাত পোহালেই চুনারুঘাট ইসলামি সাহিত্য সংস্কৃতি পরিষদের “নাশিদ সন্ধা”

চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাটে আগামী বৃহস্পতিবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নাশিদ সন্ধ্যা’। চুনারুঘাট ইসলামী সাহিত্য-সংস্কৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে নাশিদ, ইসলামী সংগীত, কোরআন তিলাওয়াত ও ইসলামী সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার বাদ আসর থেকে চুনারুঘাট উপজেলা অডিটোরিয়াম মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন চুনারুঘাট ইসলামী সাহিত্য-সংস্কৃতি পরিষদের সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন আহমদ।

অনুষ্ঠানে নাশিদ পরিবেশন করবেন আবু সুফিয়ান, আহমদ আবদুল্লাহ ও আবু উবায়দা। এ ছাড়া মাশকুর এলাহী, সায়মান সায়েম ও আশরাফ বিন হাসান নাশিদ পরিবেশনায় অংশ নেবেন। ইসলামী সংগীত পরিবেশন করবেন শাহরিয়ার মোহাম্মদ উল্লাহ ও ওয়াজিহুল ইসলাম পারভেজ।

অনুষ্ঠানে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী হিসেবে পরিচিত ক্বারী শেখ শহিদুল ইসলাম আল-আজহারী কোরআন তিলাওয়াত করবেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর আজান ও কিরাত দলের প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া ইসলামী কৌতুক পরিবেশন করবেন এম আর নোমান ও জাহিদ বিন শাহনুর। অনুষ্ঠানে উপস্থাপনায় থাকবেন মিনারুল ইসলাম দানিয়াল। দাওয়াত ও সার্বিক সমন্বয়ের দায়িত্বে রয়েছেন চুনারুঘাট ইসলামী সাহিত্য-সংস্কৃতি পরিষদের সেক্রেটারি হাফেজ আশরাফ আলী।

আয়োজকরা আশা করছেন, এ আয়োজনের মাধ্যমে চুনারুঘাটে ইসলামী সাহিত্য, সংস্কৃতি ও নাশিদের চর্চা আরও বিস্তৃত হবে এবং ধর্মীয় মূল্যবোধ ও সুস্থ সাংস্কৃতিক চর্চায় আগ্রহী মানুষের মিলনমেলা তৈরি হবে।