মোঃ তোফাজ্জল মিয়া : চুনারুঘাটে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক যুবকের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। আটক বাছির মিয়া (২৬) শানখলা ইউনিয়নের রমাপুর গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে। আজ রোববার (১৮ অক্টোবর) চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, বাছির মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯(৩)/৩০ ধারা এবং দণ্ডবিধি ১৮৬০-এর ৭৯ ধারায় মামলা করা হয়েছে বলে জানানো হয়েছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে চুনারুঘাট থানার সামনে দুই তরুণীকে এক যুবককে ধর্ষক বলে চিৎকার করে জুতা দিয়ে মারধর করতে দেখা যায়। পরিবারের অভিযোগ, চাকরিতে পুনরায় যোগদানের বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়ে সুমি আক্তার (২৬) নামের ওই তরুণীকে নির্জন চা-বাগান এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে বাছিরসহ ছয়জন তাঁকে দলবদ্ধ ধর্ষণ করেন বলে অভিযোগ পরিবারের।
পরিবারের দাবি, সুমির ছোট বোনের সঙ্গে সম্পর্কের সূত্র ধরে বাছিরকে শনাক্ত করা হয়। পরে থানার সামনে এলে দুই বোন তাঁকে শনাক্ত করে পুলিশের হাতে তুলে দেন।
এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি বলেন, মামলার তদন্ত চলছে। তদন্তাধীন থাকায় আপাতত মামলার নথি ও আটক আসামির স্বীকারোক্তি সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব নয়।


