চুনারুঘাটে বনরক্ষীদের তীর মেরে রেমা-কালেঙ্গার হরিণ শিকার

আব্দুল জাহির মিয়া:  রেমা-কালেঙ্গা সংরক্ষিত বনের হাতিমারা অংশে মায়া হরিণ শিকার করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন সংঘ ‘ওয়াইল্ড অ্যানিম্যাল এইড’ গাছে ঝুলিয়ে হরিণ কাটার একটি ভিডিও প্রকাশ

করেছে। এতে তীর-ধনুক হাতে এক ব্যক্তিকেও দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বনের চুনারুঘাটের হাতিমারা অংশে রয়েছে মায়া হরিণের প্রিয় খাদ্য আউলা ও বেহলা ফলের গাছ। ফলে ১ হাজার ৭৯৫ দশমিক ৫৪

রেমা কালেঙ্গার হরিণ শিকার,হেক্টর আয়তনের অভয়ারণ্যে থাকা বেশিরভাগ মায়া হরিণই সেখানে বিচরণ করে। সেই সুযোগে শিকারিরা তীর-ধনুক দিয়ে হরিণ শিকার করে।

গত শুক্রবার সকালে উদয় উরাণ, হেমন্ত সাঁওতাল, শুকলাল উরাণ, দীপাই উরাণ ও সজল চৌহান একটি হরিণ শিকার করেন। বনাঞ্চলের রিসিং পুঞ্জিতে একটি গাছে ঝুলিয়ে হরিণটির চামড়া ছাড়াচ্ছিলেন তারা। ‘ওয়াইল্ড অ্যানিম্যাল এইড’-এর এক সদস্য সেখানে গিয়ে ছবি ও ভিডিও ধারণ করেন। শিকারিরা তখন পালিয়ে যান।

ভিডিওতে দেখা যায়, তীর-ধনুক হাতে শ্রমিক দীপাই উরাণ দাঁড়িয়ে আছেন। কার অনুমতিতে হরিণ শিকারে এসেছেন, জানতে চাইলে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। বাকীরা গাছে ঝুলিয়ে হরিণ কাটছিলেন।

সংগঠনের সভাপতি রবি কস্তা জানান, একটি মায়া হরিণে ১৮ থেকে ২২ কেজি মাংস পাওয়া যায়। শিকারিরা প্রতি কেজি মাংস ২ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন। হরিণ শিকারের পর ধনাঢ্য ব্যক্তি ও বিভিন্ন রেস্টুরেন্টে মাংস বিক্রি করা হয়। তারা যে পাঁচজনের নাম প্রকাশ করেছেন, সবাই হাতিমারা চা বাগানের শ্রমিক। আগে থেকেই ধনাঢ্য ব্যক্তি ও রেস্টুরেন্ট থেকে অর্ডার নিয়ে তারা হরিণ শিকার করেন। এবার

ছবি ও ভিডিও ধারণ করা গেলেও শিকারিদের ধরা যায়নি।

হাতিমারা চা বাগানের পাশেই বন বিভাগের রশিদপুর বিট। এ বিটের কর্মকর্তা রেজভী আহমেদের দায়িত্বে হাতিমারা ও রশিদপুর রয়েছে। তার ভাষ্য, রশিদপুর ও হাতিমারা এলাকায় নিয়মিত ৫ শতাধিক মায়া হরিণ বিচরণ করে। শিকারিরা তীর-ধনুক নিয়ে দল বেঁধে শিকারে নামে। তারা বন্য শূকরও শিকার করে। মাত্র দুজন বনরক্ষী থাকায় শিকারিদের মোকাবিলা করতে তারা হিমশিম খান। রেজভী আহমেদ জানান, ছয় মাস আগে শিকারিদের ধরতে গেলে তারা দুই বনরক্ষীকে লক্ষ্য করে তীর ছোড়েন।

পরে বনরক্ষীরা পাঁচ রাউন্ড গুলি ছোড়েন। ভিডিও ও ছবিতে পাওয়া পাঁচজনের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলেও জানান তিনি।