চুনারুঘাটের পর্যটন

সাতছড়ি সড়কে থামছে না বেপরোয়া গতি; হুমকির মুখে বন্যপ্রাণী ও মানুষের নিরাপত্তা

সাতছড়ি সড়কে থামছে না বেপরোয়া গতি; হুমকির মুখে বন্যপ্রাণী ও মানুষের নিরাপত্তা

মোঃ সুমন মিয়া: বন্যপ্রাণী রক্ষায় সচেতনতা, যানবাহনের গতিনিয়ন্ত্রণ ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি নতুন নয়। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে বেপরোয়া যান চলাচলে মানুষ এবং বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনা দিন দিন বেড়েই চলেছে।

গতকাল ৫ নভেম্বর সাতছড়ি জাতীয় উদ্যান মসজিদের পাশে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় একটি বানর মারা যায়। এছাড়াও গত ৩১ অক্টোবর বিকেল ৫টার দিকে চুনারুঘাট-সাতছড়ি রোডে চণ্ডীছড়া নামক এলাকায় সড়কের পাশে একটি মৃত বানর পড়ে থাকতে দেখা যায়। বানরটির মাথায় আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে। প্রতক্ষ্যর্শীদের দাবী, বেপরোয়া যানবাহনের আঘাতেই প্রাণীটির মৃত্যু হয়। ঘটনা দুটি আবারও বনাঞ্চল সংলগ্ন সড়কে বন্যপ্রাণীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

এর আগেও বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদনে সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতরের সড়কে বেপরোয়া যান চলাচল, ঘণ্টায় সর্বোচ্চ ২০ কিলোমিটার গতিসীমা অমান্য এবং যানবাহনের চাকায় পিষ্ট হয়ে বানর, হরিণ, সাপসহ বিভিন্ন বন্যপ্রাণী মারা যাওয়ার বিষয়টি উঠে আসে। প্রতিবেদনে বন বিভাগ ও সড়ক বিভাগের কর্মকর্তাদের বক্তব্যও প্রকাশিত হয়েছিল। এসব বক্তব্যে আশার কথা থাকলেও কার্যত কোনকিছুরই বাস্তবায়ন হয়নি। উল্টো বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনায় বন বিভাগের উদাসীনতা লক্ষ্য করা গেছে।

স্থানীয়দের অভিযোগ, বনাঞ্চল সংলগ্ন সড়কে এখনো অধিকাংশ যানবাহন নির্ধারিত গতিসীমা না মেনে চলাচল করছে। বিশেষ করে ভারী ট্রাক ও মোটরসাইকেলের বেপরোয়া চলাচল ঝুঁকি বাড়াচ্ছে। সড়ক পারাপারের সময় বানর, সাপ, খরগোশসহ বিভিন্ন বন্যপ্রাণী দুর্ঘটনার শিকার হচ্ছে বলে স্থানীয়দের ভাষ্য। একইসঙ্গে অতিরিক্ত গতির কারণে সাম্প্রতিককালে বেশ কয়েকটি মৃত্যুর ঘটনায় জননিরাপত্তা নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ।

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী বলেন, আমরা ইতোমধ্যে ফরেস্ট বিভাগের সাথে সমন্বয় করে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। এরমধ্যে যানবাহনের গতি নিয়ন্ত্রণে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা, পর্যটকদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে প্রচার-প্রচারণা, নির্দেশনামূলক সাইনবোর্ড স্থাপনসহ বন্যপ্রাণীদের জন্য বিকল্প পারাপারের ব্যবস্থার কথাও আমরা পরিকল্পনায় রেখেছি।

উল্লেখ্য, সাতছড়ি জাতীয় উদ্যানসহ রামগঙ্গা ও চণ্ডীছড়া এলাকায় প্রতিদিনই উল্লেখযোগ্য সংখ্যক পর্যটকের আগমন ঘটে। কিন্তু বনাঞ্চলসংলগ্ন এসব সড়কে বেপরোয়া যান চলাচল পর্যটকদের জন্যও ঝুঁকি তৈরি করছে। অন্যদিকে, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গিয়ে যেন বনাঞ্চলের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়েও পর্যটক, চালক ও সংশ্লিষ্ট সবার সচেতন থাকা থাকার আহবান জানিয়েছেন পরিবেশ সংশ্লিষ্টরা। এছাড়াও বন্যপ্রাণীর নিরাপদ চলাচলে বিকল্প পারাপারের ব্যবস্থা করা ও পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করতে সড়কে গতিনিয়ন্ত্রণের পাশাপাশি বন্যপ্রাণী ও জীববৈচিত্র রক্ষায় দায়িত্বশীল আচরণের বিকল্প নেই বলে মনে করছেন পরিবেশ সচেতনরা।