স্টাফ রিপোর্টারঃ চুনারুঘাট উপজেলায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিভিন্ন এলাকায় কিশোরদের সংঘবদ্ধ হয়ে চলাফেরা, দলাদলি, মারামারি, ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ পাওয়া যাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের এলাকায় দলবদ্ধভাবে কিশোরদের আড্ডা দিতে দেখা যায়। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বিরোধে জড়িয়ে পড়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এর প্রভাব ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে।
অভিভাবক ও সচেতন নাগরিকরা বলছেন, পরিবারে নজরদারির অভাব, মাদকাসক্তি, বেকারত্ব, শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত সহশিক্ষা কার্যক্রমের ঘাটতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার কিশোরদের অপরাধপ্রবণ করে তুলতে পারে। এ অবস্থায় কিশোরদের প্রতি নজরদারি বাড়ানোর পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক উদ্যোগে তাদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।
স্থানীয়দের দাবি, কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।


