চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম বকুলের গ্রেপ্তারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। একই সঙ্গে আইনি প্রক্রিয়ায় দ্রুত মুক্ত হয়ে তিনি আবারও ব্যবসায়ীদের কল্যাণে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সমিতির নেতারা।
মঙ্গলবার (১০ নভেম্বর) চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
বিবৃতিতে জানানো হয়, গত ৯ নভেম্বর রাত ১টা ৩০ মিনিটে নিজ বাসভবন থেকে অ্যাডভোকেট নাজমুল ইসলাম বকুলকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় চুনারুঘাট বাজারের ব্যবসায়ী সমাজ ও ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ গভীরভাবে উদ্বিগ্ন।
সংগঠনটি আরও জানায়, ব্যবসায়ী সমাজ ও ব্যবসায়ী কল্যাণ সমিতি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। তবে একজন নির্বাচিত সাধারণ সম্পাদকের গ্রেপ্তারের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
বিবৃতিতে সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম তালুকদার এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মীর সাহেব আলী দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, অ্যাডভোকেট নাজমুল ইসলাম বকুল অচিরেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্ত হয়ে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করবেন।
বিবৃতিতে স্বাক্ষর করেন সমিতির দপ্তর সম্পাদক আজিজ ইকবাল।


