চুনারুঘাট পৌর শহর

চুনারুঘাটে দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ছায়া ও সৌন্দর্য বৃদ্ধিতে ১০০ দেবদারু গাছ রোপণ

চুনারুঘাটে দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ছায়া ও সৌন্দর্য বৃদ্ধিতে ১০০ দেবদারু গাছ রোপণ

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে ঐতিহ্যবাহী দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের বিশাল খেলার মাঠের দুই পাশে ছায়া ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ১০০টি দেবদারু গাছের চারা রোপণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর জাতীয় কর্মসূচির আওতায় একযোগে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চুনারুঘাট পৌরসভার নিজস্ব অর্থায়নে এই বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

পৌরসভা সূত্রে জানা যায়, দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠটি চুনারুঘাট পৌরসভার অন্যতম প্রধান ও বৃহত্তম খেলার মাঠ। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে শত শত শিক্ষার্থী, যুবক ও ক্রীড়াপ্রেমী মানুষ ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলা ও শরীরচর্চা করে থাকেন। কিন্তু মাঠের চারপাশে পর্যাপ্ত ছায়াযুক্ত বড় গাছ না থাকায় প্রচন্ড রোদ ও গরমে খেলোয়াড় ও দর্শকদের চরম ভোগান্তি পোহাতে হতো। এই সমস্যা সমাধানে এবং মাঠের সার্বিক সৌন্দর্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় মাঠের পূর্ব ও পশ্চিম পাশ ঘেঁষে সারিবদ্ধভাবে ১০০টি দেবদারু গাছের চারা রোপণ করা হয়। পরিবেশবিদদের মতে, দেবদারু গাছ দ্রুত বর্ধনশীল, চিরসবুজ এবং এর পাতা থেকে প্রচুর অক্সিজেন নির্গত হয়। এই গাছগুলো বড় হলে পুরো মাঠটি আরও মনোরম, শীতল ও সবুজে ঘেরা হয়ে উঠবে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন চুনারুঘাট পৌরসভার সুযোগ্য প্রশাসক জনাব গালিব চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌরসভার হিসাব রক্ষক লিয়াকত আলী, পৌরসভার লাইসেন্স পরিদর্শক, কর আদায়কারীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, খেলোয়াড় এবং আনসার সদস্যরা। রোপণ শেষে গাছগুলোর পরিচর্যার জন্য পৌরসভার পক্ষ থেকে বিশেষ বেড়া ও পানি দেওয়ার ব্যবস্থা করা হয়।

এ সময় পৌর হিসাব রক্ষক লিয়াকত আলী বলেন, পৌরসভার প্রশাসক গালিব চৌধুরী মহোদয়ের দূরদর্শী চিন্তা ও দিক নির্দেশনায় আমরা পৌরসভাকে একটি পরিচ্ছন্ন, সবুজ, বাসযোগ্য ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আজ দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যে ১০০টি দেবদারু গাছ লাগানো হলো, এটা শুধু গাছ লাগানো নয়, এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ উপহার। শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয়ে যায় না, এগুলোকে বাঁচিয়ে রাখতে হবে, পরিচর্যা করতে হবে। এজন্য আমি বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষার্থী ও স্থানীয় খেলোয়াড় ভাইদের সহযোগিতা কামনা করছি। আমাদের এই বৃক্ষরোপণ অভিযান পর্যায়ক্রমে পুরো পৌর এলাকার প্রতিটি রাস্তা ও শিক্ষা প্রতিষ্ঠানে চলমান থাকবে।

পৌর প্রশাসক গালিব চৌধুরী তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর যে জাতীয় মহৎ লক্ষ্যমাত্রা রয়েছে, তার অংশ হিসেবে আমরা চুনারুঘাট পৌরসভার নিজস্ব অর্থায়নে এই কর্মসূচি পালন করছি। দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠটি আমাদের আবেগের জায়গা, আমাদের ঐতিহ্যের জায়গা। এখানে প্রতিদিন শত শত শিক্ষার্থী ও যুবক খেলাধুলা করে। তাদের বিশ্রামের জন্য ছায়া এবং পৌরসভার সার্বিক সবুজায়নের জন্য আমরা আজ ১০০টি দেবদারু গাছ রোপণ করলাম। আমি বিশ্বাস করি, এই গাছগুলো একদিন এই মাঠের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দেবে এবং পরিবেশকে করবে আরও নির্মল। পৌরসভার পক্ষ থেকে এই গাছগুলোর নিয়মিত পরিচর্যা করা হবে।