চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাট উপজেলায় বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
এ বছর উপজেলার ৮৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। গত ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হওয়া এই উৎসব ছয় দিন ধরে মন্দিরে মন্দিরে ঢাক, ঢোল, কাঁসর ও শঙ্খ ধ্বনিতে মুখরিত ছিল। বিজয়া দশমীতে উপজেলার বিভিন্ন পুকুর ও নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
বিসর্জনকে ঘিরে উপজেলার বিভিন্ন ঘাটে ছিল ভক্তদের ঢল। সিঁদুর খেলা ও একে অপরকে বিজয়ার শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে।
পুজা উদযাপন পরিষদের পৌর শাখার সাধারণ সম্পাদক শ্রী সৌরভ কর বলেন চানপুর দশমী ঘাটে এইবার ১২ টি পূজা মন্ডপের প্রতিমা বিসর্জন হয়েছে I
হিন্দু খৃষ্টান বৌদ্ধ এক্য পরিষদের আহবায়ক দেবাশীষ দাস শিবু বলেন এই বছর আমরা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি উৎসব মুখোর পরিবেশে দুর্গাপূজা উদযাপন হয়েছে।
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার জনাব গালিব চৌধুরী বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। প্রতিটি মণ্ডপে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ৮৪টি মণ্ডপের পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মের মানুষের সহযোগিতায় উৎসবটি উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে।


